নতুন ভাইরাস নিয়ে আঁতকে ওঠার মত তথ্য দিলেন বিজ্ঞানীরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৩৯ পিএম
নতুন ভাইরাস নিয়ে আঁতকে ওঠার মত তথ্য দিলেন বিজ্ঞানীরা

ফাইল ছবি

দেশে ছড়িয়ে পড়া রহস্যজনক পিআরভি রোগটি নিপাহ ভাইরাসের কারণে নয় বলে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় জানা গেছে, রোগটির উৎস একটি বাদুড়বাহিত নতুন ভাইরাস, যা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। দি ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণায় বলা হয়, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে বাংলাদেশে পাঁচজন রোগী জ্বর, বমি, মাথাব্যথা, অতিরিক্ত ক্লান্তি, মুখে অতিরিক্ত লালা নিঃসরণ ও স্নায়বিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত সবাই খেজুরের কাঁচা রস পান করেছিলেন, যা বাদুড়েরাও খেয়ে থাকে। খেজুরের কাঁচা রস নিপাহ সংক্রমণের পরিচিত মাধ্যম হওয়ায় শুরুতে নিপাহ ভাইরাসের সংক্রমণের সন্দেহ করা হয়েছিল।

তবে পরীক্ষায় দেখা যায়, আক্রান্তদের কারও শরীরেই নিপাহ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

কয়েক সপ্তাহের মধ্যে পাঁচজনই হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনজন দীর্ঘ সময় ধরে তীব্র দুর্বলতা, বিভ্রান্তি, শ্বাসকষ্ট এবং হাঁটাচলায় সমস্যাসহ নানা জটিলতায় ভুগতে থাকেন। তাঁদের মধ্যে একজন ২০২৪ সালে মারা যান। তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট স্নায়বিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সর্বশেষ গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, রোগীরা আসলে প্টেরোপাইন অরথোরিওভাইরাস বা পিআরভিতে সংক্রমিত হয়েছিলেন। এটি একটি বাদুড়বাহিত ভাইরাস, যা মানুষের শরীরে গুরুতর স্নায়বিক ও শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে।

গবেষকদের সতর্কবার্তায় বলা হয়েছে, এই ভাইরাসটি জিনগত পুনর্গঠনের মাধ্যমে আরও বেশি সংক্রামক ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় নতুন জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে বিজ্ঞানীরা খেজুরের কাঁচা রস পান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রোগের নজরদারি জোরদার করা এবং দ্রুত গবেষণা ও প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তাঁরা।

এসএইচ 

Link copied!